দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভূখণ্ড লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান। মঙ্গলবার ইরান থেকে ইউএইর দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে আবুধাবির অভিযোগের এক দিন পর তেহরান তা অস্বীকার করল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউএইর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি আঞ্চলিক দেশগুলোকে ভিত্তিহীন অভিযোগ না করার আহ্বান জানানোর পাশাপাশি কথিত ভুয়া পতাকা অভিযানের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, মঙ্গলবার ইরান থেকে দেশটির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শনাক্ত করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইউএইর জলসীমার ভেতরে পড়েছে বলে জানানো হয়।
তবে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না কিংবা সেগুলো প্রতিহত করার কোনো চেষ্টা করা হয়েছিল কি না, সে বিষয়ে ইউএইর বিবৃতিতে কিছু জানানো হয়নি।
এদিকে, ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রধানমন্ত্রী মাসরুর বারজানিও সোমবার অভিযোগ করেন, ইরান তার কার্যালয় এবং কুর্দি গোয়েন্দা সংস্থা পারাস্তিনের প্রধানের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তেহরান ওই অভিযোগও অস্বীকার করে এবং ঘটনাটিকে ভুয়া পতাকা অভিযান হতে পারে বলে ইঙ্গিত দেয়।
সূত্র: সিএনএন
এমএস/